দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনায় ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ফোনে ‘ছেলে অপহরণের’ নাটক সাজিয়ে অন্তত পাঁচজনের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র, বিএনপি-জামায়াত নেতা ও ব্যবসায়ীরা। গত এক সপ্তাহে এসব ঘটনায় গত শনিবার রাতে দর্শনা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
প্রতারণার শিকার দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন জানান, গত শনিবার রাতে ডিবি পরিচয়ে তার ছেলেকে আটকের ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়। আতঙ্কিত হয়ে তিনি তাৎক্ষণিক ১০ হাজার টাকা বিকাশ করেন। একইভাবে সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু এবং রামনগরের বাসিন্দা শরিফ উদ্দিনের কাছেও ডিবি সেজে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছে। শরিফ উদ্দিন ভয়ে ১১ হাজার টাকা পাঠিয়েছেন।
এ চক্রের ফাঁদে পড়ে ২৫ হাজার টাকা খুয়েছেন বিকাশ ব্যবসায়ী রানা। এছাড়া জামায়াত নেতা আব্দুল কাদেরের প্রতিষ্ঠান থেকে কৌশলে ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। প্রতারকরা ফোন করার পর লাইন না কেটে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ভয় দেখিয়ে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
দর্শনা থানার ওসি হিমেল রানা জানান, প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এমন ফোন পেলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক পরিবার ও থানায় যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।



