শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্প খাতের চাহিদার সাথে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে সমঝোতাস্মারক সই হয়েছে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভিসি কনফারেন্স হলে এ সমঝোতাস্মারক সই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি এতে সই করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দফতরের পরিচালক মো: জসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম শাহীন এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর প্রতিনিধি।



