শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকঘোড়াপাখিয়া এলাকায় সুফি আব্দুস সাত্তার মহিলা হাফেজিয়া মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠানিকভাবে মাদরাসাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী।
বিশিষ্ট সমাজসেবক মো: জিন্নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে মাদরাসাটির স্বত্বাধিকারী মো: নজরুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন জামায়াতের আমির সফিকুল ইসলাম বাদল ও ইউনিয়ন সেক্রেটারি আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, নারী শিক্ষার বিকাশ এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মহিলা হাফেজিয়া মাদরাসার গুরুত্ব অপরিসীম। কুরআনের শিক্ষা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।



