পথ ভুলে সীমান্ত অতিক্রম বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশী

Printed Edition

রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা

রাজশাহীর বাঘায় পদ্মানদীতে পথ হারিয়ে ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়া পাটবোঝাই নৌকাসহ পাঁচ বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আটক ব্যক্তিরা কোথায় বা কী অবস্থায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি স্বজনেরা। এতে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবার। গত ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার বাংলাবাজার চর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), পাট ব্যবসায়ী সাহাবুল আলী (৪০) ও বাবর আলী (৪০) এবং নৌকার দুই মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে চরাঞ্চল থেকে পাট কিনে নৌকায় আলাইপুরের দিকে ফিরছিলেন তারা। নদীর তীব্র স্রোতের বিপরীতে পথ হারিয়ে ভুলবশত নৌকাটি ভারতীয় সীমানার ভেতরে চলে গেলে বিএসএফ তাদের আটক করে।

ঘটনার পর বিজিবিকে অবহিত করা হলে গত ৯ সেপ্টেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুনছুর আলী পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুলবশত সীমান্ত অতিক্রমের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের ফেরানোর সমাধান হয়নি।

গতকাল আটক ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের কান্না ও আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে চরম সঙ্কটে পড়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, আটক সবাই পেশায় কৃষক, ব্যবসায়ী ও মাঝি। চোরাচালানের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মানবিক কারণে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি তুলেছেন পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু এবং ভুক্তভোগী পরিবারগুলো।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার ও বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিজিবি-বিএসএফের পরবর্তী যোগাযোগের মাধ্যমে তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। বিষয়টিতে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদও সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের আশ্বাস দিয়েছেন।