বাকৃবি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখার আয়োজনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নবীনবরণ অনুষ্ঠানে শাখা শিবিরের সভাপতি আবু নাছির ত্বোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: রহুল আমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো: মোসলেহ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: মশিউর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ। এ ছাড়াও শাখা শিবিরের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
নবীনবরণে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ব্যাগ, টি-শার্ট, প্যাড, বই, কলমদানি ও চাবির রিং উপহার দেয়া হয়। কৃষিবিষয়ক বিভিন্ন সেক্টর ও চাকরি ক্ষেত্রে সফল শিবিরের সাবেক নেতারা এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিকের পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।


