মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদী উপজেলায় সাপের দংশনে সানজিদা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরকালেখান ইউনিয়নের লালন সিকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে সানজিদা ঘরের বাইরে বাথরুমে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি সে তার মা-বাবাকে জানালে তাৎক্ষণিকভাবে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সানজিদাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে শিশুটির মামা আরিফ হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



