আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোর্ট টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ‘কিউটার্মিনালস’-এর গ্রুপ সিইও মার্কো নেলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরে আগমন করে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে এক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বৈঠকের শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান কিউটার্মিনালসের প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরে অভ্যর্থনা জানান। তিনি চট্টগ্রাম বন্দরের দীর্ঘ দিনের ঐতিহ্য, আমদানি-রফতানি বাণিজ্যে এর প্রধান ভূমিকা এবং দেশের অর্থনীতিতে এর সিংহভাগ অবদানের কথা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। চেয়ারম্যান উল্লেখ করেন যে, বর্তমান সরকারের রূপকল্প অনুযায়ী এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দর তার অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়িয়ে চলেছে। বিশেষ করে কন্টেইনার জট কমানো, জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমিয়ে আনা এবং অধিক আকৃতির আধুনিক কন্টেইনার জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।
বর্তমান বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দরকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক মেরিটাইম হাব বা আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্টে রূপান্তর করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বন্দর চেয়ারম্যান জানান যে, বাংলাদেশ সরকার বিশ্বমানের বিদেশী বিনিয়োগ ও দক্ষ প্রযুক্তিগত অংশীদারদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে, যাতে দেশের বন্দর খাত স্বচ্ছতা, গতিশীলতা এবং সর্বোচ্চ আন্তর্জাতিক কমপ্লায়েন্স বজায় রেখে পরিচালিত হতে পারে। বিজ্ঞপ্তি।



