তিতাসে চুরি হওয়া পিকআপ ফেনীতে উদ্ধার, আটক ২

Printed Edition

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে চুরি হওয়া পিকআপ ফেনী থেকে উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। এ সময় দুই চোরকেও আটক করা হয়েছে। আটককৃতদের একজন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের মৃত মোহাম্মদ সওদাগর মিয়ার ছেলে জুবায়ের (২৪), অন্যজন একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২০)।

পুলিশ সূত্র জানায়, তিতাস উপজেলার জিয়ারকান্দি ঈদগাহ রোডে পিকআকটি পার্কিং করা ছিল। গত ৩০ এপ্রিল ভোর রাতে চোর চক্রটি পিকআপ চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার সকালে গাড়ির মালিক নাঈম তিতাস থানায় একটি মামলা করেন। মামলার এজাহারের সূত্র ধরে তিতাস থানার এস আই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী আমিন বাজার থেকে পিকআপসহ চোরদের আটক করে তিতাস থানায় নিয়ে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রযুক্তির মাধ্যমে চোর চক্রের অবস্থান শনাক্ত করে ফেনী আমিন বাজার থেকে পিকআপসহ তাদের আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।