রাজধানীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আটক ১৮

নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গতকাল রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও দিনভর অভিযানে আওয়ামী লীগের অন্তত ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এবং ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তায় বিজিবি ও পুলিশ : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, কাওরান বাজার, বাংলামোটর, আবরার ফাহাদ অ্যাভিনিউ, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম জানান, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো: নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সাথে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ব্রিফিংয়ের সময় কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। পরে এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতা মুজিবুর রহমান খান দুঃখ প্রকাশ করে দাবি করেন, কর্মসূচিতে বহিরাগতরা ঢুকে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে পারে।

১৮ নেতাকর্মী গ্রেফতার : রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি ও নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মোট্রা পলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে রমনা, শাহবাগ, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে মিরপুরে তিনজন এবং রমনা, ধানমন্ডি ও তেজগাঁওয়ে দুইজন করে রয়েছেন। জননিরাপত্তা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে, গতকাল রাজধানীর পরিস্থিতি ছিল থমথমে।