ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দিবসটি উদযাপনে গতকাল রোববার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল র্যালি, মানববন্ধন, সেমিনার এবং নারী শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ২০০ হিজাব বিতরণ।
এদিন দুপুরে ডাকসুর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে র্যালিটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেয়ার সাধ্য কার’, এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে মিলিত হন শিক্ষার্থীরা। সেখানে বক্তারা সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, ‘হিজাব কেবল একটি পোশাক নয়, এটি শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। হিজাবি নারীদের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই কাম্য নয়।’ এ সময় তারা হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব : সিম্বল অব প্রাইড অ্যান্ড ফ্রিডম’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া। সেমিনারে বক্তারা হিজাবকে নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম। ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক সেমিনারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়া।



