কক্সবাজার সৈকতে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে বাপার মানববন্ধন

Printed Edition

পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (ইসিএ) আইন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাপার সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আলমগীর কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব, বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি এম জাফর আলম দিদার, সাধারণ সম্পাদক কিরম উল্লাহ করিম এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খান।

বক্তারা বলেন, বালিয়াড়ি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক কাঁকড়া ও কচ্ছপের প্রজননক্ষেত্র। প্রাকৃতিক বালিয়াড়ি কেটে রাস্তা নির্মাণ একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যা দীর্ঘমেয়াদে উপকূলীয় ভাঙন ও পরিবেশ ধ্বংস করবে।

মানববন্ধন থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- বালিয়াড়িতে রাস্তা নির্মাণ ও অবৈধ দখলদারত্ব বন্ধ করা, হাইকোর্টের ২০১১ সালের ২২৬ নম্বর মামলার রায় এবং পরিবেশ মন্ত্রণালয়ের ২০১৫ সালের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা, যেকোনো প্রকল্পের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বাধ্যতামূলক করা, জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া। বিজ্ঞপ্তি।