নিজস্ব প্রতিবেদক
সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।
এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিলেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্তে ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় এই কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
পরোয়ানা অনুযায়ী আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হবে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন সিলেট-২ আসন থেকে দুবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী।
বিএনপি নেতাদের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশেই ইলিয়াস আলীকে ‘গুম’ করা হয়। আর র্যাবের গোয়েন্দা শাখা তাতে সরাসরি জড়িত ছিল বলে প্রসিকিউশনের ভাষ্য। বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সে সময় র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর সর্বশেষ বিমান সদর দপ্তরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’ ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।’



