মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানা

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো: বিল্লাল (৫৩)।

মামলা সূত্রে জানা গেছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সাথে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দু’টি সার্ভিসটি জব্দ করা হয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, ছয় মাসের গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।