গ্রেফতার হতে পারেন যেকোনো সময়

শাওন মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শুক্রবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। যা পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

শাহবাগ থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি মূলত সাইবার-সংক্রান্ত। যার কারণে এটি যাচাই-বাছাই এবং তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। পুলিশ সেটি গ্রহণ করেছে। এখন সাইবার বিভাগ তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সে ক্ষেত্রে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন অভিযুক্ত তিন নারী।

অভিযোগে বলা হয়েছে ‘এক হাজার চার শতাধিক শহীদ ও ৩০ সহস্রাধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য দিয়েছেন।

প্রথমত, শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তৃতীয়ত, মাহিয়া মাহী তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সাথে তুলনা করেছেন। তার বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনের আওতায় আনার এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো: তরিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সেই ফরওয়ার্ডিং চিঠি, আমরা এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম বলেন, শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে শুনেছি। অভিযোগটি সাইবার অপরাধ-সম্পর্কিত। কিন্তু এখনো এ সংক্রান্ত কোনো নথি আমাদের কাছে আসেনি। নথি এলে আমলে নিয়ে আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।