ক্রীড়া ডেস্ক
রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রথমার্ধে দারুণ ফুটবল উপহার দিলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের এগিয়ে যায় স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধে ছন্দহীন ফুটবল। তার পরও ম্যাচ জিততে অসুবিধা হয়নি লস ব্লাঙ্কোসদের। স্প্যানিশ লা- লিগায় গত পরশু রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল। এ দিন ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। স্যান্ডারল্যান্ডের মাঠে গত পরশু ২-০ গোলের জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গানাররা। ব্রুনো গুইমারেজের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা।
আর্সেনালের জয়ের রাতে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সমর্থকদের হতাশ করেছে লিভারপুল। অ্যানফিল্ডে ফুলহ্যামের সাথে গোলশূন্য ড্র করেছে অল রেডরা। পুরো ম্যাচে আক্রমণ করেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি লিভারপুল। পয়েন্ট হারিয়েছে চেলসিও। নিজেদের মাঠে সদ্য উন্নীত হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। গোলশূন্যভাবে ড্র হয়েছে টটেনহ্যাম ও এভারটনের ম্যাচ। এতে মৌসুমের প্রথম চার লিগ ম্যাচেই গোল করতে ব্যর্থ হওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছে স্পার্স। অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে ইপ্সউইচ টাউন। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। বোর্নমাউথ ও ব্রেন্টফোর্ডের ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
স্প্যানিশ লা-লিগায় গোলের বন্যা বইয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৪ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়া আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট-কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। এবার জালের দেখা পান কারেরাস। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩৫ মিনিটে রিয়ালকে ৩-০তে এগিয়ে নেন জুড বেলিংহাম। রিয়ালের রক্ষণের ভুলে ভায়েকানোর হয়ে ম্যাচের ৫১ মিনিটে একটি গোল শোধ করেন সার্জিও কামেলো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। গুলারের পাস বক্সে পেয়ে নিচু শটে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড এবারের লা লিগায় এ নিয়ে ছয়টি গোল হলো এমবাপ্পের। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ছয় ম্যাচে সাতটি। লিগে এ দিন রেসিং সান্তান্দার ২-১ গোলে হারিয়েছে আলাভেজকে, এস্পানিওল ২-০ গোলে ওসাসুনাকে এবং এলচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাও।
বুন্দেসলিগায় সবচেয়ে বড় জয় পেয়েছে ফ্রেইবুর্গ। মনচেনগ্লেডবাচকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পাদারবর্নকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-২ গোলের ড্র অগাসবুর্গের। স্টুটগার্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় হফেনহাইমের। কোলন ও ওয়ের্ডার ব্রেমেন ম্যাচটি শেষ হয় ১-১ ড্র’তে।
ইতালিয়ান সিরি আ-তে লাজ্জিওর মাঠে ২-২ গোলের ড্র এসি মিলানের। ১০ জনের দল জেনোয়ার বিপক্ষে তাদেরই মাঠে ১-১ গোলের ড্র ফ্রসিনোনের। আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে চমক দিয়েছে কাগলিয়ারি। ফ্রান্সের লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ১-১ গোলের ড্র স্ট্রাসবুর্গের। লে হার্ভে ও অক্সেরি এবং প্যারিস এফসি ও অলিম্পিক লিওর ম্যাচ গোলশূন্য ড্র। দুই গোল পিছিয়ে থেকেও লোরিয়েন্টের সাথে ২-২ ড্র করে তুলুজ। নাইসকে ১-০ গোলে হারিয়েছে অক্সেরি।



