সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে। রাষ্ট্রের উদ্দেশ্য শুধু প্রশাসন পরিচালনা নয়; নাগরিকের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।’
গতকাল শুক্রবার সাভার পৌর এলাকার একটি অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আমির, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও নৈতিক অবক্ষয় বাড়ে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তির চরিত্র ও নৈতিকতার উন্নয়ন অপরিহার্য।
তিনি সংগঠনের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেয়ার সুযোগ নেই। নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্বশীল নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: মসিউল আলম বলেন, দক্ষ, প্রশিক্ষিত, দায়িত্বশীল ও নৈতিক কর্মীবাহিনী গড়ে তুলতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য নিষ্ঠা, ধৈর্য ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাশিবিরে আরো বক্তব্য দেন ড. মাওলানা আব্দুস সামাদ, ড. হাফেজ মাওলানা মো: আব্দুল জব্বার ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম। জেলা কর্মপরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।



