বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) গবেষণাপত্র ও ম্যানুস্ক্রিপ্ট লেখা, হিনারি ব্যবহার করে জার্নাল ও আর্টিক্যাল খুঁজে বের করা বিষয়ে একটি হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘হ্যান্ডস অন ট্রেনিং অন ইউজিং হিনারি ফর জার্নাল, আর্টিক্যাল সার্চিং ফর প্রটোকল, থিসিস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট রাইটিং শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিএমইউর ৭০০ ফেইজ বি রেসিডেন্ট ছাত্রছাত্রী-চিকিৎসক অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বলেন, দেশের মানুষের জন্য প্রয়োজন এমন গবেষণা করুন যাতে গবেষণাসমূহ রোগীদের কল্যাণে কাজে লাগে। গবেষণাসমূহ যাতে রোগ প্রতিরোধ ও নিরাময়ে অবদান রাখতে পারে। গবেষণার মাধ্যমে যাতে কোনো বিষয়ের প্রকৃত অবস্থা জানা যায়, কারণসমূহ খুঁজে বের করা যায় এবং প্রতিকারের উপায়সমূহ চিহ্নিত করা যায় সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। গবেষণা হতে হবে আন্তর্জাতিক মানের এবং তা আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করার ওপর আরো জোর দিতে হবে। নিজেকে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক হিসেবে তৈরি করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ও অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল। কর্মশালায় বিএমইউর চালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, অতিরিক্ত গ্রন্থাগারিক সুফিয়া বেগম, উপ-গ্রন্থাগারিক সহযোগী অধ্যাপক ডা: মো: নাহিদুজ্জামান সাজ্জাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



