ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির দু’টি সংসদীয় আসন- ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়ন বৈধ, আটজনের মনোনয়ন বাতিল এবং চারজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: মমিন উদ্দিন এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ মোট আটজনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকায় অসঙ্গতির কারণে চার স্বতন্ত্র প্রার্থী এবং গণ অধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী অ্যাডভোকেট রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিমসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল হয়। পাশাপাশি এক শতাংশ ভোটার তালিকায় অসঙ্গতির কারণে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে। গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর এবং জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।



