পানি ইস্যুতে ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

Printed Edition

এনডিটিভি

পাকিস্তানের শান্তিকামী অবস্থানকে কোনোভাবেই দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের তীব্র দ্বন্দ্বের মধ্যে তিনি স্পষ্ট জানান, পানি ইস্যুতে কোনো আপস করা হবে না এবং এটি তাদের জন্য ‘লাল রেখা’।

পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে পানি চুক্তি ঘিরে উত্তেজনা যখন চরমে, তখনই ইসলামাবাদ থেকে এমন কড়া বিবৃতি সামনে এলো। ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, এই নদ ব্যবস্থার মোট পানির শতকরা ৮০ ভাগ অংশ পায় পাকিস্তান এবং বাকি ২০ শতাংশ পায় ভারত। চুক্তির শর্তে পূর্বাঞ্চলের নদীগুলোর (রবি, বিয়াস ও শতদ্রু) নিয়ন্ত্রণ ভারতের হাতে এবং পশ্চিমাঞ্চলের নদীগুলোর (সিন্ধু, ঝিলম ও চেনাব) মূল অধিকার পাকিস্তানের অধীনে ন্যস্ত করা হয়। তবে সীমাবদ্ধ কিছু ব্যবস্থার অধীনে উভয় দেশকে একে অপরের অংশে সীমিত সুবিধা নেয়ার সুযোগ রাখা হয়েছিল।

তবে গত বছরের এপ্রিলে পেহেলগাম এলাকায় এক হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর সার্বিক প্রেক্ষাপট বদলে যায়। উক্ত ঘটনার দায় পাকিস্তানভিত্তিক উগ্রবাদীদের ওপর চাপিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ঐতিহাসিক এই চুক্তি স্থগিতের (অ্যাবেয়েন্স) ঘোষণা দেয় নয়াদিল্লি। চুক্তি স্থগিতের পর থেকেই নদীগুলোর পানির স্তরের আগাম তথ্য পাকিস্তানকে দেয়া বন্ধ করে দিয়েছে ভারত। ইতোপূর্বে বর্ষা মৌসুমে ভারতের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিত পাকিস্তান। এখন তথ্য বিনিময় বন্ধ থাকায় চলতি বর্ষায় সীমান্তঘেঁষা এলাকাগুলোতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়েছে দেশটি।