সারা দেশে সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিন - নাগরিক কোয়ালিশন

Printed Edition

গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের ২৯৯ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে বলে আমরা জানি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সফলতার জন্য নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পর থেকেই দেশের অনেক স্থানে (ইতোমধ্যে শতাধিক ঘটনার সংবাদ এসেছে) নির্বাচনে অংশ নেয়া পরাজিত বেশ কয়েকজন প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে ও ভাঙচুর হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে একজন নিহতসহ মোট ৪২টি

হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর একজন সমর্থককে (জসিম উদ্দীন) গতকাল (১৩ ফেব্রুয়ারি)

আক্রমণ করা হলে তিনি মৃত্যুবরণ করেন। বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে এটি কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

নাগরিক কোয়ালিশন নির্বাচন ফলাফলপরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেয়া ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।

নাগরিক কোয়ালিশন সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও আবেদন করছে যাতে তারা তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এবং নিশ্চিত করে যেন এরকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়। বিজ্ঞপ্তি।