পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পটিয়ায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবাসহ বাইকার গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে ১১টায় পটিয়া সরকারি কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো: বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো: সাইফুল (২৪), মো: হাসান (৩৯) ও মো: হোসেন (৩৭)। সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলের বক্সে থাকা কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, একটি বাইকার গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।