বিনোদন প্রতিবেদক
ইয়াসমিন লাবণ্য, বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি গানে, নাচে এবং উপস্থাপনায় অনবদ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একজন সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন কর্মরত। ছোটবেলা থেকেই তিনি নাচে ও গানে পারদর্শী। জীবন চলার পথে একটা সময় এসে নিজেকে সম্পৃক্ত করেন উপস্থাপনাতেও। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে এতদিন শুধুই মাছরাঙ্গা টিভিতে উপস্থাপনা করতেন, চ্যানেলের নিয়মানুসারে। কিন্তু এখন বিটিভির ‘সঙ্গীতা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি। এরই মধ্যে ‘বাংলাদেশ বেতার’-এর সঙ্গীতবিষয়ক সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফনি’র উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। কিছু দিন আগে থেকেই বাংলাদেশ বেতারের এই গানের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। সপ্তাহের প্রতি বুধবার ‘ইউফনি’ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ‘বাংলাদেশ বেতার’-এ ‘ইউফনি’ প্রচার হয়ে থাকে। গত বুধবারও অসুস্থতা নিয়েই ইয়াসমিন লাবণ্য’কে ‘ইউফনি’ উপস্থাপনা করতে হয়। এবারের আয়োজনে সঙ্গীতশিল্পী হিসাবে উপস্থিত ছিলেন দেশের গুণী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। কিছুটা কষ্ট হলেও দিলরুবা খানের জন্য এবং সরাসরি গানের অনুষ্ঠান বিধায় লাবণ্য এই আয়োজন থেকে নিজেকে সরিয়ে রাখেননি। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে আমার। পাশাপাশি স্টেজ শোতেও উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে। কিন্তু বাংলাদেশ বেতারের কোনো অনুষ্ঠানের উপস্থাপনার সাথে নিজেকে সম্পৃক্ত করা এবারই প্রথম। যদিও আমি সবসময়ই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গান গাইতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। উপস্থাপনাও ভীষণ উপভোগ করি। যে কারণে এখন মাছরাঙ্গা টিভির পাশাপাশি বিটিভি ও বাংলাদেশ বেতারেও উপস্থাপনা করছি। বাংলাদেশ বেতারের ইউফনি উপস্থাপনার জন্য শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এদিকে এরই মধ্যে মনিরুজ্জামান মনিরের লেখা ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে নতুন একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন ইয়াসমিন লাবণ্য। একুশে টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠানে ‘গানের ওপারে’তেও গান গেয়েছেন তিনি। উপস্থাপনায় ছিলেন অনুপমা মুক্তি। সম্প্রতি লাবণ্য ‘এশিয়ান মিউজিক’ সরাসরি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন। লাবণ্য বেশ কিছু সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন। যার মধ্যে সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত পরীমণি ও কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার ‘জোছনা পড়ে গলে গলে ঘুমায় বালুচর’ গানটি। এছাড়াও তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় আধুনিক গান হচ্ছে ‘চাই না হৃদয় ভেঙে যাক’ গানটি। এটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন।



