নয়া দিগন্ত ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক ‘ডিভোর্সের’ দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নতুন এক বইয়ে এমন বিস্ফোরক দাবি উঠেছে।
নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সুয়ান লেখা ‘রেজিম চেঞ্জ : ইনসাইড দ্য ইমপেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ বইটির উদ্ধৃত অংশ মঙ্গলবার (২৩ জুন) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই উত্তপ্ত ফোনালাপটি হয়। তখন ট্রাম্প গাজা নিয়ে একটি শান্তি পরিকল্পনা গ্রহণে ইসরাইলকে রাজি করানোর চেষ্টা করেছিলেন।
সেই ফোনালাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
বইয়ের দাবি অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সবাই তোমাকে নিয়ে ক্লান্ত, বিবি। সব ইহুদিই তোমাকে নিয়ে ক্লান্ত। এমনকি এই কলের দুইজন ইহুদিও তোমাকে নিয়ে ক্লান্ত।
তিনি আরো বলেন, সবাই তোমাকে ঘৃণা করছে, আর আমি তোমার পাশে থেকেছি। এরপর ট্রাম্প সতর্ক করেন, ইসরাইল যদি চুক্তি গ্রহণ না করে, তবে দুই দেশের সম্পর্ক ‘ডিভোর্স’-এর দিকে যেতে পারে।



