গাজীপুর মহানগর প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে কটূক্তির ঘটনায় গ্রেফতার কলেজশিক্ষার্থী মো: আবদুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন। অন্য দিকে, বিল নিয়ে সিফাতের করা দাবির সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
তদন্ত সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর খাইলকৈর এলাকার বাসিন্দা সিফাত একটি ভিডিওতে দাবি করেন, তার একটি মিটারে এক মাসেই ১০ হাজার টাকার বেশি বিল এসেছে। তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সিফাতের দোতলা বাড়িতে থাকা তিনটি আবাসিক মিটারে মে থেকে আগস্ট- এই চার মাসে মোট দুই হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়, যার মোট বিল ছিল ১৬ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে তিন মিটারের মোট বিল আসে ১০ হাজার ৬৮১ টাকা। অর্থাৎ তিন মিটারের দুই মাসের সম্মিলিত বিলকে সিফাত একটি মিটারের এক মাসের বিল বলে প্রচার করেছিলেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো: আহসান কবীর জানান, সরেজমিন তদন্ত ও নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে মিটারে কোনো ত্রুটি ছিল না এবং নিয়ম মেরেই বিদ্যুৎ ব্যবহারের সঠিক বিল প্রস্তুত করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো: ইসরাইল হাওলাদার জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে একটি পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে সিফাতের আইনজীবী অ্যাডভোকেট আলী নাসের খান দাবি করেন, সরকারের সমালোচনামূলক বক্তব্য দেয়ার কারণেই তার মক্কেলকে আটক করে পরে পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার জামিন শুনানির সময় সরকারপক্ষের আইনজীবীরা হট্টগোল করে বাধা সৃষ্টি করেছেন বলেও তিনি অভিযোগ তোলেন। তিনি সিফাতকে এনসিপির কর্মী ও ইনকিলাব মঞ্চের সাথে সম্পৃক্ত দাবি করে নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি জানান।
এ দিকে ভিত্তিহীন অভিযোগ তুলে অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদে রোববার গাজীপুর ও টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নাগরিক অসন্তোষ প্রকাশের অধিকার থাকলেও অভিযোগের সততা ও ভাষার শালীনতা বজায় রাখা জরুরি বলে উল্লেখ করেন দলটির স্থানীয় নেতারা।



