চট্টগ্রাম-২ আসন

বিএনপির সরোয়ারের প্রার্থিতা বৈধ, আপিল করবে জামায়াত

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি (সিভিল মিসেলেনিয়াস পিটিশন) দায়ের করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত প্রার্থীর আইনজীবী।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিট শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে প্রথমে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়। কিন্তু ওই দিনই বিকেলে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এএনএফজেড টেরি টেক্সটাইল’-এর বিরুদ্ধে ‘প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড’-এর একটি স্থিতাবস্থা দাখিল করেন জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিন। এর প্রেক্ষিতে ইসি সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল ঘোষণা করে।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। এর আগে ২২ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ আদালত প্রিমিয়ার লিজিংয়ের আবেদন শুনানি শেষে আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে সরোয়ার আলমগীরের ঋণখেলাপি তকমা ঘুচে যায়। গত মঙ্গলবার আদালতে আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার ফয়সল মাহমুদ ফয়জি। জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

আদেশের পর আইনজীবী ইউসুফ আলী মাসুদ ও আহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আদালত সরোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। জামায়াত প্রার্থীর আইনজীবী ইসমাইল গণি জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। দ্রুতই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি দায়ের করা হবে।