মাগুরার শিশু আছিয়া হত্যা

ডেথ রেফারেন্সের পেপারবুক প্রস্তুত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। সরকারি ছাপাখানা (বিজি প্রেস) থেকে মুদ্রিত এই পেপারবুক গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পেপারবুক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান বিচারপতি কর্তৃক বিশেষ বেঞ্চ গঠন সাপেক্ষে শিগগিরই এই মামলার শুনানি শুরু হবে বলে জানা গেছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। সেই বিশেষ বেঞ্চেই শিশু আছিয়া ও রামিসার মতো চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলাগুলোর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে।

সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, পেপারবুক আসার পর এখন শুনানির জন্য আনুষঙ্গিক প্রশাসনিক প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান বিচারপতি মামলার শুনানির জন্য সুনির্দিষ্ট হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

মাগুরার চাঞ্চল্যকর এই মামলায় গত বছরের ১৭ মে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে নিহত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে গণ্য হয়।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ মে বিচারিক আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। অন্য দিকে দণ্ডাদেশের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন দণ্ডিত হিটু শেখ। আদালত ১ জুলাই আপিলটি শুনানির জন্য গ্রহণ করে তার অর্থদণ্ড স্থগিত করেন।