নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জনগণ সংবিধান সংশোধনের নয়, সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী সংসদে ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাবে।
গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান উত্তর কাক্সিক্ষত শিক্ষাব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের সাথে শিক্ষাব্যবস্থার সংস্কারও জরুরি। জ্ঞান ও চরিত্রের সমন্বয়ে আগামী প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষা দর্শনের আলোকে শিক্ষানীতি প্রণয়ন প্রয়োজন। গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে গুরুত্ব দেয়নি। সরকার নিয়োগ ও পদায়নে দলীয়করণ করছে এবং মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। নির্বাচনের আগে বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও ক্ষমতায় বসার পর সবার আগে বিএনপি নীতিতে দেশ পরিচালনা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস হোসেন মোল্লা এমপি বলেন, নৈতিক শিক্ষা জোরদারের পাশাপাশি জনগণের সাথে করা রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা উচিত। সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে যাচ্ছে। ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন করতে চাচ্ছে। জনগণের সাথে যে অঙ্গীকার বিএনপি করেছে তা বাস্তবায়ন করতে হবে।
মুফতি আলী হাসান ওসামা ভাষাগত দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষার প্রসার ঘটাতে হবে। একই সাথে শহর-গ্রামের শিক্ষাবৈষম্য দূর এবং জেনারেল ও মাদরাসা শিক্ষার মধ্যে সমন্বয় আনতে হবে।



