তুরাগে ২ স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পূর্ব আরিচপুর বউবাজার এলাকার শামীম মিয়া (১১) ও আফনান (১৩)। তারা দুজনই স্থানীয় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। একপর্যায়ে শামীম ও আফনান গভীর পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু শাকিব তীরে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর মহানগর প্রতিনিধি।
১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার
দিনাজপুরের হিলিতে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ১০০ বস্তা ছোলা ও সরিষার প্রকৃত মালিকের সন্ধান মিলেছে। এগুলো মূলত ঢাকা থেকে ঠাকুরগাঁও নেয়ার পথে চুরি করা মালামাল। এ ঘটনায় পুলিশ ট্রাকের মালিক, হেলপার এবং দুই ব্যবসায়ীসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো- ট্রাক মালিক স্বপন কুমার রায়, হেলপার পৃথলী চন্দ্র রায়, ব্যবসায়ী শফিকুল ইসলাম ও লাল মিয়া। পুলিশ জানায়, গত ৩০ জুন চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী ট্রাকে করে মালামাল ঠাকুরগাঁও পাঠাচ্ছিলেন। কিন্তু চালক ও হেলপার গন্তব্যে না নিয়ে পথে কিছু মালামাল বিক্রি করে বাকি অংশ হিলির সড়কে ফেলে পালিয়ে যায়। মালামালের মালিকের মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নীলফামারী থেকে ট্রাক ও জড়িতদের আটক করে। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, আটক ব্যক্তিরা সঙ্ঘবদ্ধ চোরাই চক্রের সদস্য। হিলি প্রতিনিধি।
রামগতীতে সড়ক নির্মাণে অনিয়ম
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কোভিড-১৯ রিকভারি প্রজেক্টের আওতায় ‘হাজি কামাল উদ্দিন সড়ক’ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ের এই কাজটি বাস্তবায়ন করছেন উপজেলা যুবদলের সদস্যসচিব শাহ মো: শিব্বির। স্থানীয়দের অভিযোগ, ৪৮০ মিটার দীর্ঘ সড়কের দুই পাশের গাইড ওয়ালে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া আরসিসি ঢালাইয়ে সিলেকশন বালু ছাড়াই নামমাত্র সিমেন্ট দিয়ে কাজ শেষ করা হয়েছে। বর্তমানে রাস্তায় রড বিছিয়ে কাজ বন্ধ রাখায় চলাচলে চরম বিঘœ ঘটছে। পৌর প্রকৌশলী শাহে আলম বলেন, নির্মাণসামগ্রীর গুণগত মান ঠিক রেখে সময়মতো কাজ শেষ করার নির্দেশনা দিলেও ঠিকাদার তা মানছেন না। এ বিষয়ে জানতে ঠিকাদার শাহ শিব্বিরকে মুঠোফোনে ফোন করা হলে রিসিভ করেননি। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।
দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ
পটুয়াখালীর দশমিনায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও পুরাতন ভবনের হলরুমে এই সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৩ জন উপকারভোগীর মধ্যে পাঁচ হাজার ৬০০ টাকার চেক ও শুকনো খাবার তুলে দেন। ইউএনও মাহামুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা: মরিয়া নুর ও সহকারী পুলিশ সহকারী মো: জামান। প্রধান অতিথি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি মানবিক সহায়তা কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।
হাসপাতালে নিরাপত্তায় সশস্ত্র আনসার
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১ জুলাই তারা যোগদান করেন এবং ৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শিফটভিত্তিক দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতি ৮ ঘণ্টা পরপর তিনজন করে আনসার সদস্য হাসপাতালে নিয়োজিত থাকবেন। দীর্ঘদিন ধরে চিকিৎসকদের ফোরাম এই নিরাপত্তার দাবি জানিয়ে আসছিল। হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, হাসপাতালগুলোতে প্রায়ই অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হতো, যা চিকিৎসাসেবায় বিঘœ ঘটাত। এখন নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নির্ভয়ে রোগীদের সেবা দিতে পারবেন। ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা।
বদলি পরীক্ষা দিতে এসে আটক ২
নওগাঁর পোরশায় চলমান এইচএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে অন্যের হয়ে বদলি পরীক্ষা দিতে এসে ভুয়া পরীক্ষার্থীসহ প্রকৃত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গত শনিবার পোরশা সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বদলি পরীক্ষার্থী বিপ্লব বর্মণ (২০) এবং আসল পরীক্ষার্থী জাহিদ হাসান (২১)। জাহিদ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নাবিলা ফেরদৌস জানান, জাহিদ নিজে পরীক্ষায় অংশ না নিয়ে একই কলেজের প্রাক্তন ছাত্র বিপ্লবকে নিজের পক্ষে পরীক্ষা দিতে বসায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গত শনিবার বিকালেই দণ্ডিত দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।
সুন্দরগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সেবার উদ্বোধন করা হয়। সর্বানন্দ ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি এবং থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে চেয়ারম্যানকে মানবতার চেয়ারম্যান হিসেবে আখ্যা দেন। চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যেন জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই ফ্রি সেবা চালু করা হয়েছে। জনগণের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।
সোনারগাঁওয়ে ৪ পুলিশ হামলার শিকার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মো: সুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহিন আলম, মাইনুল ইসলাম ও সোর্স মাসুম মিয়া। মাসুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী সাগরকে ধরতে সাদা পোশাকে অভিযানে গেলে সাগর ও তার ভাই সজল দা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়দের দাবি, পুলিশ সদস্যরা পোশাক ছাড়া অভিযান পরিচালনা করায় ভুল বোঝাবুঝি থেকে এই হামলার ঘটনা
ঘটেছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।



