চৌগাছায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীর ফরিদ শিক্ষার্থীদের মেধা, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ভালো ফলাফল গুরুত্বপূর্ণ হলেও প্রকৃত সাফল্যের জন্য চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধ জরুরি। অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এহসানুল কাদের ইমরোজের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলফাজ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ ক্যাম্পাস সম্পাদক ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানসহ স্থানীয় নেতারা।

আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর চৌগাছার ৪১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৬ জন, ২১টি মাদরাসা থেকে পাঁচজন এবং কারিগরি বিভাগ থেকে তিনজন জিপিএ ৫ পেয়েছেন। অনুষ্ঠানে ১২০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।