সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইসির চিঠি

ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন-উদ্বোধন নিষেধ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, অর্থছাড়, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে তারা। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৪ (৪) অনুযায়ী নির্বাচনের আগে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা বা বরাদ্দ দেয়া বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রার্থী সিটি করপোরেশন অথবা পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল দিয়েও এগুলো ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে কোনো অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।

চিঠিতে আরো জানানো হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ (৩) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনের আগে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে ইতোপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা দেয়া নিতান্ত আবশ্যক হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লেখিত বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্লেখিত আচরণ বিধিমালার ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় আসবে।