আব্দুল মতিন মনিরামপুর (যশোর)
খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় অর্ধশত বছর পার করেছে মনিরামপুর উপজেলার শমসের বাগ দাখিল মাদরাসাটি। উপজেলার রাজগঞ্জ-কলারোয়া সড়কের পাশে মশ্বিমনগর ইউনিয়নে মাদরাসাটির অবস্থান। ১৯৭৬ সালে এলাকাবাসীর দানের ৭৫ শতক জমির ওপর স্থাপিত হয় এই মাদরাসা। সেই থেকে অবকাঠামো তৈরিতে নেই কোনো সরকারের অনুদান। এলাকাবাসীর সাহায্য-সহযোগিতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৯ বছরে পা রেখেছে মাদরাসাটি।
এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী জ্ঞান প্রচারের জন্য মাদরাসাটি তৈরি করা হয়। দীর্ঘ চেষ্টার পরও মাদরাসার উন্নয়নের জন্য সরকারের কোনো অনুদান পাননি তারা। বিগত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদ একটি সরকারি ভবন করে দেয়ার প্রতিশ্রুপতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। যত্রতত্রভাবে ইটের গাঁথনির ওপর টিনের ছাউনী দিয়েই শুরু থেকে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে সেখানে। এলাকাবাসীর স্বপ্ন সরকারি একটি বহুতল ভবন নির্মাণের।
কিন্তু সে স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি কখনো। অবকাঠামো দৈন্যতার কারণে ভালো শিক্ষার্থী সেখানে ভর্তি হতে চান না মাদরাসাটিতে। শুধু তাই নয়; শিক্ষকরাও পাঠদানে ভালো মনোযোগী হতে পারেন না। এ কারণে একটি ভালো ভবন নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সূধীমহল।
শমসের বাগ দাখিল মাদরাসার সুপার মাওলানা শওকত আলী বলেন, একটি ভবন নির্মাণ হলে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে। তখনই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাবে। বর্তমানে মাদরাসাটিতে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান কাযক্রম চলছে। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সরকারি একটি ভবন দাবি করে বলেন, সরকার যদি সুসৃষ্টি দেন তবে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটবে। তাছাড়া কাক্সিক্ষত শিক্ষার্থীও মিলবে।



