মেসিদের লিগে কি যাচ্ছেন নেইমারও

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের ক্লাব সান্তোসের সাথে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে নেইমার জুনিয়রের। গত ডিসেম্বরেই ক্লাবের সাথে এক বছরের চুক্তি বাড়িয়েছেন তিনি। আসন্ন বিশ্বকাপ শেষে ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেইমার। তবে সূত্র অনুযায়ী সান্তোসে মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগে (এমএলএস) যোগ দিতে পারেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। ইতোমধ্যে তাকে দলে ভিড়াতে সম্ভাব্য যাচাই-বাছাই করতে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাতি।

ইএসপিএন জানিয়েছে, নেইমারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তার আগ্রহ ও সম্ভাব্য আর্থিক কাঠামো নিয়ে আলোচনা করেছে সিনসিনাতি। চোটের কারণে গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিল তারকা। চলতি বছর এখন পর্যন্ত মাত্র ছয়টি ম্যাচ খেলে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে সান্তোসের কোচ কুকা জানিয়েছেন, সম্প্রতি শেষ হওয়া ফিফা আন্তর্জাতিক বিরতিতে হাঁটুর একটি ছোট অপারেশন করিয়েছেন নেইমার। বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আর নেইমার যদি পুরোপুরি ফিট থাকেন, তবে বিশ্বকাপ দলে তাকে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি।