আনাদোলু
ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার জ্বালানি অবকাঠামো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছিটকে পড়ে এক রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে যে আকাশসীমাতেই ড্রোনগুলো ধ্বংস করা হলেও সেগুলোর জ্বলন্ত ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এর আঘাতে আফিপস্কি, স্মোলেনস্কায়া এবং কোভালেনকো গ্রামের বেশ কিছু বেসামরিক ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের পাশের একটি ভবনও এই হামলায় আংশিক বিধ্বস্ত হয়। রাশিয়ার এই ভয়াবহ ক্ষয়ক্ষতির দাবির বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।



