গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে একযোগে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল সোমবার গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল খালপাড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশের ভারসাম্য ও টেকসই উন্নয়নের প্রতীক। তিনি প্রত্যেক নাগরিককে বছরে অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারিকেল, নিম, অর্জুন ও আমগাছের চারা রোপণ করেন। একই সময় খালের দুই পাড়ে অবস্থান নেয়া নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা একযোগে প্রায় আড়াই হাজার চারা রোপণ করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



