পারস্য উপসাগরে তেল ট্যাংকার জব্দ ইরানের

Printed Edition

রয়টার্স

পারস্য উপসাগরীয় অঞ্চলে কেশম দ্বীপের কাছে একটি বিদেশী তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটিতে ৪০ লাখ লিটার চোরাচালানকৃত জ্বালানি ছিল। কর্তৃপক্ষ জাহাজটির নাম বা সেটি কোন দেশের তা প্রকাশ করেনি। তারা জানিয়েছে, ১৬ জন বিদেশী ক্রু সদস্যকে ফৌজদারি অভিযোগে আটক করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যমগুলো জব্দকৃত ট্যাংকারের ভিডিওফুটেজ এবং ছবি প্রকাশ করেছে। ইরান গত সপ্তাহেও বলেছিল, তারা ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী আরেকটি বিদেশী ট্যাংকার জব্দ করেছে। প্রসঙ্গত, ইরানের জ্বালানির দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তাই প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক জ্বালানি পাচার হয়ে যাচ্ছে। দেশটি এসব পাচার রোধ করার চেষ্টা করছে।