এএফপি
ইরানের একটি পত্রিকা দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে একটি তালিকা প্রকাশ করেছে। লক্ষ্যবস্তু করা এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় দেশগুলোর নেতারা রয়েছেন। ইরানের বিরুদ্ধে শুরু করা যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রথম দিন, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় সাবেক আয়াতুল্লাহ নিহত হন। তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। গত সপ্তাহে তার বাবার দাফন সম্পন্ন হওয়ার পর শনিবার নিজের প্রথম বার্তায় মোজতবা বলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘তালিকায় যেসব অপরাধীর নাম রয়েছে, তারা বিছানায় শান্তিতে মরার ইচ্ছা নিয়েই কবরে যাবে।’ ইরানের রাজধানীর কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহরি পত্রিকা শনিবার গভীর রাতে অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে মোজতবার বক্তব্যের পাশাপাশি ১৩ জন বিদেশী নেতার ছবি যুক্ত করা হয়। সর্বোচ্চ নেতা তার বার্তায় বলেছিলেন যে, ইরান লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে।
ইনফোগ্রাফিকটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্য আরো নেতার ছবি রয়েছে। তবে পত্রিকার রোববারের প্রিন্ট সংস্করণে এটি প্রকাশ করা হয়নি। তালিকায় আরো রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ।



