বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার, মফস্বল জেলা ও গ্রাম-গঞ্জে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ ভোগান্তির বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি মতবিনিময় সভা গত ১৭ জুন সন্ধ্যায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আল আলহাজ মাওলানা এমরান আলম, মোহাম্মদ লায়েক মিয়া, শাহিদুর রহমান জুনু, নিয়াজ কুদ্দুস খান, মাহবুব ইকবাল মুন্না, ইসমত ইবনে ইসহাক সানজিদ, মুক্তাদির কিবরিয়া সিরাজী প্রমুখ। তারা বলেন, জ্বালানি তেলের মূল্য দুই দফা বাড়ানোর পর বিদ্যুতের দাম সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়ে সরকার মূল্যস্ফীতিকে উসকে দিয়েছে। এই সরকার ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেয়ার পর, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্তের কথা জনগণকে জানায়। কিন্তু তারা বিদ্যুৎ চুরি, সিস্টেম লস, অপচয় ও উৎপাদন খরচ না কমিয়ে উল্টো দাম বাড়ানোর মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষি ও ক্ষুদ্র শিল্পেও মারাত্মক প্রভাব পড়েছে। এদিকে ক্যাপাসিটি চার্জের নামে শত শত কোটি টাকা লোকসান দেয়া হচ্ছে। পাশাপাশি অসহনীয় লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ। তারপর বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে দুর্ভোগে আছেন ৫৫ লাখ গ্রাহক। দ্রুত এই রিচার্জ ভোগান্তি দূর করা না হলে আগামী ২৮ জুন দেশব্যাপী প্রতিবাদ দিবস ও ঐদিন সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ করা হবে। বিজ্ঞপ্তি।



