ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমেছিল উজবেকিস্তান। অভিষেক দারুণ লড়াই করলেও তাদের হতাশ করে বিশ্ব মঞ্চে ফেরার ম্যাচ জয়ে রাঙাল কলম্বিয়া। এতে বড় ভূমিকা রাখলেন তারকা উইঙ্গার লুইস দিয়াজ। দলের প্রথম গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা। শেষ পর্যন্ত উজবেক ডিফেন্সের প্রতিরোধ ভেঙে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ল্যাটিন আমেরিকার দেশটি।
মেক্সিকো সিটিতে ম্যাচে বল পজিশন ও আক্রমণে অনেক এগিয়ে ছিল কলম্বিয়া। ৬৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য নেয়া ১৫ শটের পাঁচটি লক্ষ্যে রেখে তিনবার জালের ঠিকানা খুঁজে নেয় ‘লস ক্যাফেতেরোস’রা। অন্য দিকে ৭ শটের তিনটি লক্ষ্যে রেখে একটি গোল শোধ করে উজবেকিস্তান। কলম্বিয়ার হয়ে গোল করেছেন ড্যানিয়েল মুনিয়োজ, লুইস দিয়াজ ও জামিন্টন কাম্পাস। উজবেকদের হয়ে একমাত্র গোলটি করেন আব্বোসবেক ফায়জুল্লায়েভ।
২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি কলম্বিয়া। এবার জয়ে শুরু করে ‘কে’ গ্রুপের চূড়ায় উঠে গেল কোপা আমেরিকার রানার্সআপরা। ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। দিয়াজের গতিময় শট ফেরে পোস্টে লেগে। ৪০ মিনিটে দলকে এগিয়ে নেন মুনিয়োজ। দিয়াজের চমৎকার ক্রসে ছুটে গিয়ে পা অনেকটা সামনে বাড়িয়ে ঠিকানা খুঁজে নেন এই রাইট ব্যাক। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ৬০ মিনিটে সমতা ফেরায় উজবেকিস্তান। এলদর শোমুরোদভের ভলি কলম্বিয়ার গোলরক ঠিকঠাক ফেরাতে পারেননি। পোস্টে ছুঁয়ে গোললাইনে চলে এলে বাকিটা অনায়াসে সারেন অরতি ফয়জুল্লায়েভ।
বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের পর আরো উজ্জীবিত হয়ে উঠে উজবেকিস্তান। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে কলম্বিয়াকে ফের এগিয়ে নেন দিয়াজ। তার বাঁকানো শটে খুব একটা জোর না থাকলেও উজবেকিস্তান গোলরক উকতির ইউসুপভের হাতে লেগেও ধীরে ধীরে বল চলে যায় জালে। গোলের জন্য মরিয়া চেষ্টা চালানো উজবেকরা নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের নবম মিনিটে আরেকটি গোল হজম করে। প্রতি আক্রমণে বল পেয়ে সাথে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সে ক্রস করেন চুচো ফার্নান্দেজ, নিখুঁত হেডে বাকিটা সারেন কাম্পাস। শেষ পর্যন্ত হতাশা নিয়ে উজবেকিস্তান মাঠ ছাড়লেও বিশ্বকাপে ফেরাটা জয়েই রাঙালো জেমস রড্রিগেজের কলম্বিয়া।



