আনাদোলু
পানামার পতাকাবাহী জাহাজ চীনের আটকে রাখার অভিযোগের জেরে পানামার ‘স্পষ্ট অবস্থানের’ প্রতি সমর্থন জানিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
এক্সে দেয়া পোস্টে গিডিওন সার বলেন, ‘ইসরাইল পানামার স্পষ্ট অবস্থানকে সমর্থন করে। সামুদ্রিক আইন প্রয়োগ অবশ্যই ন্যায্য, প্রযুক্তিগত এবং রাজনৈতিক চাপমুক্ত থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘অসামঞ্জস্যপূর্ণ আটক বৈশ্বিক বাণিজ্য, ব্যয় এবং আস্থার জন্য ঝুঁকিপূর্ণ। আইনের শাসন এবং নৌ চলাচলের স্বাধীনতা সমুন্নত রাখা সবার স্বার্থের অনুকূলে।’
পানামার পতাকাবাহী জাহাজগুলোকে হয়রানি ও আটকে রাখার জন্য চীনকে অভিযুক্ত করেছে মার্কিন প্রশাসন। পানামা খালের দুই প্রবেশদ্বারে বন্দর পরিচালনাকারী চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি কোম্পানির সাথে মধ্য আমেরিকার দেশটি চুক্তি বাতিল করার পর এই অভিযোগ সামনে আসে। তবে মার্কিন প্রশাসনের এই অভিযোগ অস্বীকার করেছে চীন।
১৯৯৭ সাল থেকে সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানি পানামা খালের প্রবেশ ও প্রস্থানের দু’টি বন্দর পরিচালনা করে আসছিল।



