রয়টার্স
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ বিদেশী নাগরিকের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কঠোর অভিবাসনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি যৌথভাবে এ পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানান, স্বল্পমেয়াদে ভ্রমণে এসে পরে আশ্রয়ের আবেদনকারীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা বাতিল করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিসূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যুকৃত ভিসাগুলোর ওপর এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে একসাথে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা ঘটবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় দাবি করেন, দেশের বিদ্যমান অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে বছরের পর বছর ভিত্তিহীন আশ্রয়ের আবেদন করা হয়েছে।



