চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কটি অবশেষে সচল হচ্ছে। খানাখন্দে ভরা সড়কটিতে সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল নির্বিঘœ করতে নিজস্ব অর্থায়নে এটি সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। গতকাল সোমবার আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গুরুত্বপূর্ণ এই সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত। প্রতিদিন চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট এবং ফেনীর দাগনভুঁইয়া উপজেলার হাজারো মানুষ এই পথেই যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল চালক ও যাত্রীদের। স্থানীয় সিএনজি অটোরিকশাচালক আবু মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালানো নরকযন্ত্রণা ছিল। সংস্কার শুরু হওয়ায় আমাদের বড় একটা কষ্ট দূর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি ও গুণবতী ইউনিয়ন আমির ইউসুফ মেম্বার। ডা: মঞ্জুর আহমেদ সাকি জানান, সাময়িক ভোগান্তি কমাতে পুরো সড়কে কনক্রিট ও বালু ফেলে রোলার দিয়ে সমান করা হচ্ছে। এতে মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেন লিটন, আবু নাছের, আবদুল হামিদ ও মনির আহমেদ মানিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।



