নয়া দিগন্ত ডেস্ক
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাঙ্কলরির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালক ও একই পরিবারের তিন যাত্রী নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় বাসের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ, নেত্রকোণা সদরে ইটবোঝাই লরির চাপায় কিশোর, কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় মাদরাসাছাত্রী নিহত হয়েছে।
সিলেটে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
সিলেট ব্যুরো জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তেলবাহী ট্রাকের সাথে। সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি এ হতাহতের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে রয়েছে। নিহত অপরজন অটোরিকশাচালক।
গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), স্ত্রী উসুফা বেগম (৩০) ও মেয়ে আয়সা আক্তার (৫)। আর সিএনজিচালিত অটোরিকশাচালক লালন মিয়া (২৩) ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো: ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর সাত যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।
নাটোরে নিহত ২
নাটোর প্রতিনিধি জানায়, নাটোরে যাত্রীবাহী শিশির পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস (রামাইগাছি) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসটি আটক করতে পারলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।
নিহতরা হলেন অটোভ্যানচালক সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) ও যাত্রী বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও যাত্রী ছিটকে সড়কের পড়ে গেলে বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
কিশোরগঞ্জে বৃদ্ধ নিহত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহতদের দেখতে এসে প্রাইভেটকার চাপায় নুরুজ্জামান আকন্দ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাহাদিয়া এলাকার পাঁচপীরের মাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা একটি প্রাইভেটকার ও একটি সিএনজি ভাঙচুুর ও আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। তিন ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে। তিনি স্থানীয় বাহাদিয়া বাজারে পানের ব্যবসা করতেন।
নেত্রকোনায় কিশোর নিহত
নেত্রকোনা প্রতিনিধি জানায়, নেত্রকোনায় ইটবোঝাই লরির ধাক্কায় তামিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় (২১ আগস্ট) সদর উপজেলার আমতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত কিশোর সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা ফতেহপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
কক্সবাজারে শিক্ষার্থী নিহত
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫ নং ওয়ার্ডের স্টেশনে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় তানহা মনি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মৌলানা জাফর আলম হামিদির মেঝ মেয়ে। সে মগবাজার মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণীতে পড়ত।



