রায়পুরের পাঁচ খুন পাঁচ দিনেও কাটেনি রহস্যের জট

Printed Edition

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীপাড় এলাকায় মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটিত হয়নি এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য। আলোচিত এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং হত্যার মূল কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিকে, ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সন্দেহভাজন অন্তর মজুমদারের মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বপরিচয়, মাদক-সংশ্লিষ্ট বিষয়, লুটপাট কিংবা অন্য কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না; এসব বিষয় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকেই রায়পুরজুড়ে চরম শোক, আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

নিহত পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনায়েদ ইসলাম সিফাত বলেন, একসাথে আমার মা ও তিন বোনকে হারিয়েছি। এই শোক প্রকাশের ভাষা আমার নেই। আমি এই বর্বরোচিত ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

বিভিন্ন আলামত, সাক্ষ্য-প্রমাণ ও নিহতদের কল রেকর্ড বিশ্লেষণ চলছে। যেহেতু বাসা থেকে কোনো লুটপাটের আলামত পাওয়া যায়নি, তাই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।