নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে এক শিশু এবং ময়মনসিংহের ভালুকায় এক নারীশ্রমিকসহ বিভিন্ন স্থানে চারজন নিহত হয়েছেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বাসধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো: আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এ সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। নেয়ার পথে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে সীতাকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদা উপজেলা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঁঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে গেটলক যাত্রীবাহী বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত উঠালে গাড়ির ড্রাইভার ব্রেকে পা রাখেন। এ সময় ব্রেক জ্যাম হয়ে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার শান্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আক্কাস আলী (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি চারঘাট উপজেলার থানাপাড়া সারদা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা- রাজশাহী মহাসড়কের পাশে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ডাম্প ট্রাকটি পুঠিয়ার দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ওই পথচারী ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রোকসানা আক্তার (৩০) নামে এক পোশাককর্মী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই ভালুকা কাঁঠালী এলাকায় রাসেল স্পিনিং মিলের শ্রমিক বলে জানা যায়। গত সোমবার সন্ধ্যায় ভারাডোবা-ঘটনাইল সড়কে উপজেলার নিঝুরি বাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত রোকসানা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগজান গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
জানা যায়, কর্মস্থল থেকে কারখানার বাসে করে অন্যান্য শ্রমিকদের সাথে বাড়ি ফিরছিলেন রোকসান আক্তার। ওই সময় ভারাডোবা-ঘটনাইল সড়কে উপজেলার নিঝুরি বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত রোকসানাকে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান।



