যুদ্ধের ১,০০০ দিন পূর্তিতে সুদানে জরুরি সাহায্যের আবেদন

Printed Edition

আলজাজিরা

সুদানের গৃহযুদ্ধ এক হাজার দিনে গড়িয়েছে এবং এই দীর্ঘ সঙ্ঘাত দেশটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সঙ্কটে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক এনজিওগুলো সতর্ক করে বলছে, ৩৩ মিলিয়নেরও বেশি মানুষ এখন অনাহারের ঝুঁকিতে রয়েছে। খাদ্য, ওষুধ ও আশ্রয়ের সঙ্কট চরমে পৌঁছেছে, আর বৈশ্বিক তহবিল সঙ্কট পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে এই যুদ্ধ শুরু হয়। শুরুতে রাজধানী খার্তুম ও দারফুর অঞ্চলে সঙ্ঘর্ষ সীমাবদ্ধ থাকলেও দ্রুত তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে।

এনজিওগুলোর মতে, বর্তমানে প্রায় ৭০ শতাংশ জনগণ সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে সীমান্তবর্তী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। খাদ্য সঙ্কট এতটাই তীব্র যে অনেক এলাকায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসক সঙ্কট দেখা দিয়েছে।