বিশেষ সংবাদদাতা
প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে নির্বাচন কমিশনের (ইসি) তিন সদস্য চলতি মাসে বিদেশে যাচ্ছেন। তারা পৃথক তিনটি দেশে প্রবাসী বাংলাদেশীদের সাথে ভোটদান, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাবিষয়ক সভায় যোগ দেবেন। ইসির উপ-সচিব মো: শাহ আলম স্বাক্ষরিত সরকারী আদেশপত্রে জানানো হয়েছে। এর মধ্যে আবদুর রহমানেল মাসুদ বাহরাইনে, মো: আনোয়ারুল ইসলাম সরকার সুইডেনে এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ সিঙ্গাপুরে চলতি মাসেই যাচ্ছেন। দাফতরিক সফর হিসেবে আইডিয়া প্রজেক্ট-২ ইসি সচিবালয় এই সফরের সব ব্যয়ভার বহন করবে বলে উপ-সচিবের স্বাক্ষরিত সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।
ইসির সরকারী আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বাহরাইনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান এবং বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে ভোটদান, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাবিষয়ক একটি সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে ১৫ জুলাই থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত বাহরাইন সফর করবেন। তিনি ১৪ জুলাই ২০২৬-এর নিকটবর্তী কোনো সুবিধাজনক তারিখে অথবা একটি উপযুক্ত তারিখে বাহরাইনে যাবেন।
আর নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম সরকার সুইডেনে বসবাসরত বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও সুইডেনে বসবাসরত বাংলাদেশীদের সাথে ভোটদান, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাবিষয়ক সভায় যোগ দেবেন। তিনি ৩০ জুলাই ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত সুইডেন সফর করবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ সিঙ্গাপুরে যাচ্চেন। তিনি সেখানে বসবাসরত বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রবাসীদের ভোটদান, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাবিষয়ক সভায় যোগ দেবেন। তিনি ২৯ জুলাই ২০২৬ থেকে ০৪ আগস্ট ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন।



