ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের

Printed Edition

আনাদোলু এজেন্সি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরাইলের সাথে সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে। নতুন কোনো আবেদন গ্রহণ করছে না, এমনকি ইসরাইলি কিডনি দানসংক্রান্ত রেকর্ডও বাতিল করেছে বলে গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ‘গিফট অব লাইফ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গিনেসকে জানায়, দুই হাজার ইসরাইলি দাতা অঙ্গদান করে জীবন বাঁচিয়েছেন। তারা এ রেকর্ড নিবন্ধনের আবেদন করে। সংগঠনটি জানায়, রাজনৈতিক কারণে আবেদনটি বাতিল করা হয়েছে।

তারা ফি পরিশোধ করে জেরুসালেমে একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে দুই হাজার দাতাকে একসাথে ছবি তোলা হয়। কিন্তু গিনেস ইমেইলে জানায়, ‘আমরা বর্তমানে ইসরাইল থেকে কোনো রেকর্ড আবেদন গ্রহণ করছি না।’ সংগঠনটি এরপর কারণ জানতে চাইলেও কোনো উত্তর পায়নি। সংগঠনের প্রধান রাব্বি রথ্যাচেল হাবার গিনেসের এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। গিনেস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

খবরটি এমন সময়ে এসেছে যখন গাজার ওপর দুই বছরের গণহত্যার কারণে ইসরাইল গভীর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। এর ফলে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও খেলাধুলায় বয়কট শুরু হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি সেনারা গাজায় ৭০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে এক লাখ ৭১ হাজারের বেশি। ভয়াবহ এ হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলে হামলা বন্ধ হয়।