সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের স্কুলের বাজারে খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারায় ইউনিয়নে স্কুলের বাজার মসজিদের সামনে রাস্তার পূর্ব পাশের খাস জায়গায় সম্প্রতি প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। এর আগে থেকেই সেখানে কিছু পুরনো স্থাপনা থাকলেও নতুন দখল ও নির্মাণকাজ শুরু করায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দুই দফা মিটিং ও সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পুরনো স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গার অপচয় না করে রাস্তার একপাশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। কিন্তু দখলকারীরা সেই সিদ্ধান্ত অমান্য করে ক্ষমতা দেখিয়ে দখল বজায় রাখছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, খাস জমিতে এসব স্থাপনা থাকার কারণে বাজার এলাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং গাড়ি ঘুরানোর সময় দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



