আলজাজিরা ও রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন পর জেনিভাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে হতে যাওয়া শান্তি আলোচনায় ফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করলেও কেবল কিইভকেই ‘বারবার’ ছাড় দিতে বলায় বিরক্তিও প্রকাশ করেছেন।
আলোচক দলের নেতা পরিবর্তনের মাধ্যমে মস্কো সিদ্ধান্ত গ্রহণে দেরি করাতে চাইছে বলেও তিনি শনিবার অভিযোগ করেছেন। আগামী মঙ্গল ও বুধবার সুইজারল্যান্ডের শহরটিতে রুশ, মার্কিন ও ইউক্রেনীয় আলোচক দলের বসার কথা রয়েছে। ১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন মস্কো, কিয়েভ দুই পক্ষকেই ব্যাপক চাপ দিচ্ছেন।
ত্রিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হবে, সবার জন্য সহায়ক হবে বলে আমরা সত্যিই আশা করছি। কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় সবাই যেন পুরোপুরি ভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী প্রতিবেশী দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর চলতি বছর ওয়াশিংটনের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন আবু ধাবিতে দুই দফা আলোচনায় মিলিত হয়েছিল। উভয় পক্ষ সেসব আলোচনাকে ‘গঠনমূলক’ বললেও দৃশ্যমান কোনো ব্রেক থ্রু দেখা যায়নি। জেলেনস্কি মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে বেশি বেশি অস্ত্র সরবরাহসহ নানামুখী উপায়ে রাশিয়াকে চাপ দিয়ে শান্তিতে রাজি করাতে মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
চার বছর আগে, ইউক্রেনের রুশ অভিযান শুরুর কয়েকদিন আগে একই সম্মেলনে বক্তৃতা দেয়ার কথা স্মরণ করে ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা অনেক কথা বলেন, কিন্তু সে তুলনায় তেমন পদক্ষেপ নেন না। পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণায় বাধ্য করার ক্ষমতা রয়েছে ট্রাম্পের এবং এ যুদ্ধবিরতি খুবই দরকার, বলেছেন তিনি। ইউক্রেনের অন্য কর্মকর্তারাও বলছেন, কোনো শান্তি চুক্তি হলে তা নিয়ে গণভোট আয়োজনে যুদ্ধবিরতি লাগবে। ওই গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গেই হবে।
শান্তি চুক্তিতে পেঁৗঁছাতে ট্রাম্পের দিক থেকে ‘খানিকটা চাপ’ আছে বলেও স্বীকার করে নিয়েছেন জেলেনস্কি। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, দ্রুত শান্তি অর্জনের ‘সুযোগ’ হাতছাড়া করা জেলেনস্কির উচিত হবে না, যে কারণে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে দ্রুত সিদ্ধান্ত নিতেও তাগাদা দিচ্ছেন। আমেরিকানরা প্রায়ই ছাড়ের প্রসঙ্গে ফিরে আসে, এবং বেশিরভাগ সময়ই ইউক্রেনের ক্ষেত্রে এ ছাড়ের বিষয়টি আসে, রাশিয়ার ক্ষেত্রে নয়, বলেন জেলেনস্কি। ইউক্রেনে এরই মধ্যে অনেক কিছুতে ছাড় দিয়েছে দাবি করে তিনি এখন মস্কো কী কী বিষয়ে ছাড় দিতে প্রস্তুত তা শুনতে চান বলেও জানান।
এ দিকে রাশিয়া বলেছে, জেনিভায় তাদের আলোচক দলের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের উপদেষ্টা ভøাদিমির মেদিনস্কি। অথচ আবু ধাবিতে দুই দফার আলোচনায় রুশ দলকে নেতৃত্ব দিয়েছেন তাদের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্তিওকভ। আলোচক দলের নেতা বদলানোর এ ঘটনায় শনিবার ‘বিস্ময়’ প্রকাশ করেছেন জেলেনস্কি; কোনো সিদ্ধান্তে দুই পক্ষের একমত হতে যেন দেরি হয় তার লক্ষ্যেই রাশিয়া এমনটা করছে বলেও তার ধারণা। আগের যে আলোচনাগুলোতে মেদিনস্কি ছিলেন, সেগুলোতে তার ভূমিকা নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের ব্যাপক সমালোচনা রয়েছে। গঠনমূলক আলোচনার বদলে মেদিনস্কি প্রায়ই ইউক্রেনের আলোচক দলকে ‘ইতিহাসের পাঠ’ দেয়া শুরু করেন বলে তাদের অভিযোগ।



