সিনসিনাটি ওপেনের শিরোপা গফ ও ফিলসের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সিনসিনাটি ওপেনের শিরোপা জয় করেছেন কোকো গফ ও আর্থার ফিলস। ইউএস ওপেনের আগে নিজেদের প্রস্তুতিটা দারুণ হলো গফ ও আর্থারের। সিনসিনাটি ওপেনের নারী এককে জেসিকা পেগুলাকে হারিয়ে শিরোপা জিতেছেন গফ। আর পুরুষ এককে ফ্রান্সের আর্থার ফিলস হারিয়েছেন স্বাগতিক তারকা ফ্রান্সেস টিয়াফোকে।

নারী এককের ফাইনালে তৃতীয় বাছাই পেগুলাকে ৬-২, ৬-৪ গেমে হারাতে গফের সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ১৪ মিনিট। এর মধ্য দিয়ে সিনসিনাটি ওপেনের ইতিহাসে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার শিরোপা জিতলেন ২২ বছর বয়সী এই মার্কিন তারকা।

পুরুষ এককের ফাইনালেও ছিল ইতিহাস। টিয়াফোকে ৬-৩, ১-৬, ৬-০ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স এক হাজার শিরোপা জিতেছেন ফিলস। ২২ বছর বয়সী ফরাসি খেলোয়াড়ের ক্যারিয়ারে এটি সবচেয়ে বড় সাফল্য।

ইনজুরির কারণে দীর্ঘ ৯ মাস টেনিসের বাইরে ছিলেন ফিলস। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেরার পর এটি তার দ্বিতীয় এটিপি শিরোপা। সিনসিনাটি জয়ের ফলে বিশ্ব র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন তিনি।

এই জয়ে আরো একটি ইতিহাস গড়েছেন ফিলস। তৃতীয় কৃষ্ণাঙ্গ পুরুষ খেলোয়াড় হিসেবে মাস্টার্স এক হাজার শিরোপা জিতলেন। এর আগে বেন শেলটন ও জো-উইলফ্রিড সোঙ্গা এই কীর্তি গড়েছিলেন। একই সাথে মাস্টার্স এক হাজার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফরাসি চ্যাম্পিয়নও হয়েছেন ফিলস।

আগামী ৩০ আগস্ট থেকে নিউ ইয়র্কে শুরু হবে ইউএস ওপেনের মূলপর্ব। সিনসিনাটির আত্মবিশ্বাস সাথে নিয়ে গফ ও ফিলস এখন তাকিয়ে আছেন বছরের শেষ গ্র্যান্ড সøামের দিকে।